দুদক সূত্র জানায়, ২০০২ সালের ১৬ জুন থেকে ২০০৬ সালের ১০ অক্টোবরের মধ্যে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির কোনো প্রকার আবেদনপত্র ছাড়াই ঢাকা শহরে সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের নামে আবাসিক এলাকা স্থাপনের নিমিত্তে প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার দেন।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত সচিবের কাছে তা পাঠান। বিষয়টি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় আলমগীর কবির গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর দাখিলকৃত আবেদনপত্রের ওপর সরাসরি ভূমি বরাদ্দের নির্দেশ দেন। তিনি নোটশিটে ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে নকশা করা ভূমি ঢাকা সাংবাদিক সমিতি লিমিটেডের অনুকূলে বরাদ্দ দেন।
পরে বিনা কারণে ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নকশা বাতিলপূর্বক অবৈধভাবে অন্যদের বরাদ্দ দেন। সরকারের ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের ৭ একর জমি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে ইজারা/লিজ দেওয়ার মাধ্যমে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়।




