রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা ও বিশিষ্ট টেলিভিশন উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় চারটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ছয়জন উপস্থাপককে আসামি করে পিটিশন মামলা দায়ের করা হয়েছে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে বাদীর জবানবন্দী গ্রহণ করা হয়। এসময় তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াসহ অন্যরা শেরেবাংলানগর থানায় দায়ের করা মামলাটিতে ৩৯৬ ধারার সঙ্গে দণ্ডবিধির ৩০২/১২০/১০৯/৩৪ ধারা যোগ করার দাবি জানান। বিচারক মামলা গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী। এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় দণ্ডবিধির ৩৯৬ ধারায় (ডাকাতিসহ খুন) একটি মামলা দায়ের করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এটাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদন জানানো হয়।




