বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগ শেয়ালের মতো ধূর্ত, সচতুর লুটেরা বা ডাকাতের দল। তারেক রহমানের বক্তব্য তাদের কাছে চূচড়া পাতার মতো।’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন দলটির ঢাকা মহানগর কমিটির এ আহ্বায়ক। তারেক রহমানের আইনজীবীরা এ সভার আয়োজন করেন। এ সময় তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকলে আদালত আইনের পথে চলতে বাধ্য। আপনারা তো অনেক কামাইছেন, দুই মাস স্যাক্রিফাইজ করুন।’
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট রফিক সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ তাদের প্রধান শত্রু বিএনপিকে চিহ্নিত করতে পেরেছে। তাদের শত্রু দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান। সরকার পরোক্ষভাবে বাকশাল কায়েম করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, লক্ষ্মীবাজারের অস্থায়ী আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীরা সমাবেত হতে পারবেন না এমন নির্দেশ তো দেওয়া ছিলো না। তারপরও বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলা কেন?




