প্রগতি সরণীতে নির্বিচারে গাড়ি ভাঙচুর শুরু করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তারা এ ভাঙচুর শুরু করেন। এ সময় তোবা গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজপথে নেমে আসা আশপাশের কারখানার শ্রমিকরাও নির্বিচারে রাস্তার পাশে পার্ক করে রাখা বাস. মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর শুরু করেন।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এর আগে বেধড়ক লাঠিচার্জ করে কারখানা থেকে তোবা শ্রমিকদের বের করে দেয় পুলিশ। পরে শ্রমিক নেত্রী মোশরেফা মিশু ও জলি তালুকদারকে আটক করে নিয়ে যায়। তিন মাসের বকেয়া বেতন-বোনাসের দাবিতে রাজধানী বাড্ডার হোসেন মার্কেটে অবস্থিত তোবা গ্রুপের পাঁচটি গার্মেন্টস কারখানার এক হাজার ছয়শ শ্রমিক ঈদের আগের দিন থেকে অনশন শুরু করেন।



