সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়যারা আন্দোলনের নামে মানুষ ও বৃক্ষ হত্যা করেছে তাদের প্রতিহত করতে হবে...

যারা আন্দোলনের নামে মানুষ ও বৃক্ষ হত্যা করেছে তাদের প্রতিহত করতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের প্রত্যেক নেতাকে কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১লা আষাঢ়) কৃষকলীগের বৃক্ষরোপন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। কতো গাছ লাগানো হয়েছে সে হিসাবও দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা সারা দেশে প্রচার করতে হবে। সন্ধ্যায় গণভবনের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রত্যেককে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পরামর্শ দেন।

কৃষকলীগের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সমগ্র বাংলাদেশ সফর করবেন। জেলায় জেলায় টিম গঠন করে দিবেন, সেই টিম উপজেলায় যাবে, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রামে, গ্রামগুলো টিম গঠন করে বৃক্ষরোপন করবে।

শেখ হাসিনা বলেন, যারা আন্দোলনের নামে মানুষ ও বৃক্ষ হত্যা করেছে তাদের প্রতিহত করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এসব করতে না পারে। বৃক্ষরোপন আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জাতির পিতার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা বৃক্ষরোপন আন্দোলন শুরু করি। আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৯৮৪/৮৫ সাল থেকে আওয়ামী লীগ কৃষক লীগের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।

বনায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কে কি করবে, আর কে কি করবে না এসবের দিকে না চেয়ে আমরা নিজেরাই জলবায়ু রক্ষায় কাজ শুরু করে দিয়েছি।

উপকূলে বন সৃষ্টি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, উপকূলীয় বনায়নের মাধ্যমে দেশের সমুদ্রের হাত থেকে দেশকে রক্ষা করতে কাজ করছে সরকার। চর কুক্রি-মুক্রিসহ উপকূলীয় এলাকায় বনায়ন করা হচ্ছে। উপকূলীয় ঝাউ বন কক্সবাজার  রক্ষা করছে। যেটি বঙ্গবন্ধু শুরু করেছেন। সামাজিক বনায়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, আগে সামাজিক বনায়নে ৪৫ শতাংশ লাভ দেওয়া হতো উপকার ভোগীকে। এখন এটি বা‍ড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে।

বিএনপি আমলে সামাজিক বনায়নের টাকা লুটপাট হতো অভিযোগ করে তিনি বলেন, বিএনপি ও অন্যান্য আমলে এসব টাকা জনগণের হাতে যেত না। বনরক্ষায় সচেতনতা ও সৃজনশীল পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু মামলা মোকাদ্দমা দিয়ে নয় মানুষকে সচেতন ও মোটিভেটেড করে কল্যাণকর কাজ করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। এতে আরো  বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী,  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য  রহমত আলী, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সমবায় বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক এবং কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ