বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিরোধপূর্ণ জায়গায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ব্যাখা দিলেন বর্তমান ও সাবেক মেয়র

বিরোধপূর্ণ জায়গায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ব্যাখা দিলেন বর্তমান ও সাবেক মেয়র

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

বিরোধপূর্ণ জায়গায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ নিয়ে ব্যাখা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তাদের দাবি, সম্পূর্ণ ‍আইনীভাবে জমি কিনে ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে ও আর নিজাম রোডের বিরোধীয় জায়গায় ক্যাম্পাস নির্মাণ বিষয়ক অনুষ্ঠানে এ ব্যাখা দেন তারা। এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু তাহের, কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ ও কামরুল ইসলাম।

মেয়র এম মনজুর আলম বলেন, সম্পূর্ণ আইনীভাবে জায়গাটির মালিকানা সূত্রে এখানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হয়েছে। এটি কারো ব্যক্তিগত সম্পদ নয়। এটা বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সবার সঙ্গে সমন্বয় করে ৮৫ লাখ টাকা ব্যয়ে এখানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ করা হবে। এ ক্যাম্পাসে ইংরেজী বিভাগের কার্যক্রম পরিচালিত হবে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি কোন উন্নয়ন কাজে হাত দিলেই একটি চক্র বিরোধীতা করে থাকে। তারা কোন কারণ ছাড়াই বিরোধীতার খাতিরে বিরোধীতা করে। তিনি বলেন, এ জায়গাটি মালিকদের সঙ্গে ৪৫ লাখ টাকা দিয়ে বায়না করেছি। এরপর তাদেরকে প্রতি গণ্ডায় ৫ লাখ টাকা মূল্য দেওয়া হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে এখানে স্টীল দিয়ে ভবন নির্মাণ করা হবে। আপাতত টিনসেড ভবন তৈরি করে ইংরেজী বিভাগের কার্যক্রম শুরু হবে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, এ বিদ্যাপীঠ যখন আমরা নির্মাণ করি তখন শিক্ষক-শিক্ষার্থী পাবো কি না এ নিয়ে সংশয় ছিল। কিন্তু সবদিক থেকে আমরা আস্থা অর্জন করতে পেরেছি। শিক্ষার্থীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতে গর্ববোধ করে। পড়ালেখার মান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যেন এ বিশ্ববিদ্যালয় স্থান হয় আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এ জায়গা অনেক আগে বায়না করা হয়েছিল। সম্পূর্ণ আইনীভাবে এখানে ক্যাম্পাস তৈরি করা হবে। যারা অবৈধভাবে ছিলেন তারা স্বেচ্ছায় ক্ষতিপূরণ নিয়ে চলে গেছে।

তিনি বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে অল্প টাকায় মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পড়াশোনা করতে পারে। এ ক্যাম্পাস নির্মাণ হলে ২০-২৫ হাজার শিক্ষার্থী এখানে পড়ালেখা করতে পারবে। যা চট্টগ্রামের জন্য গর্বের বিষয়।

প্রসঙ্গত নগরীর ওআর নিজাম রোড এলাকায় ৬২গণ্ডা জায়গায় ক্যাম্পাস নির্মাণ করছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে জায়গাটির মালিকানা দাবি করে সংবাদ সম্মেলন করেছে দু’টি পক্ষ। তাদের দাবি, ব্যক্তিগত সম্পত্তি অবৈধভাবে দখল করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ