চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপি‘র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১৫দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে উত্তর জেলা বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের উদ্যোগে ২৯মে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ৩০ মে রাঙ্গুনীয়াস্থ শহীদ জিয়ার মাজারে পুষ্প স্তবক অর্পন ও দুপুরে জেয়াফতের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হবে।
এছাড়া ৩১ মে হাটহাজারী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আলোচনা সভা ও জেয়াফত, পহেলা জুন সকালে মিরসরাই বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইদিন উত্তর জেলা কৃষক দলের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে বিকাল ৩টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২জুন বিকালে চট্টগ্রাম প্রেস কাবে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা, ৪জুন উত্তর জেলা ছাত্রদলের, ৫জুন উত্তর জেলা জাসাসের, ৬জুন উত্তর জেলা শ্রমিকদলের, ৭ জুন উত্তর জেলা যুবদলের , ৮ জুন উত্তর জেলা তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছড়া দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, ওলামা দল, জিয়া পরিষদ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সীতাকুন্ড, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান উপজেলার পক্ষ থেকেও ব্যাপক কর্মসুচি পালন করা হবে বলে জানানো হয়। সকল কর্মসুচীকে সফল ও সার্থক করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর জেলা বিএনপি‘র আহবায়ক আসলাম চৌধুরী ও সদস্য সচিব কাজী আবদুল্লাহ-আল হাছান।




