চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রাম নগরীতে গিয়াস উদ্দিন নামে এক শিবির ক্যাডারসহ তিন পেশাদার অপরাধীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। শুক্রবার গভীর রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। আটক তিনজন হল, গিয়াস উদ্দিন (৩৭), আলাউদ্দিন (২৮) এবং নাজিম উদ্দিন (৩২)।
বাকলিয়া থানার ওসি মো.মহসিন বলেন, গিয়াস উদ্দিন জামায়াত-শিবিরের হরতাল-অবরোধের সময় পুলিশের উপর হামলা, গাড়িতে আগুন দেয়াসহ বিভিন্ন নাশকতায় অংশ নিত। গ্রেপ্তার হয়ে কয়েক মাস জেলে থাকার পর মাসখানেক আগে সে বের হয়ে আসে। এরপর এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাকলিয়ার মুন্সী আব্দুল লতিফের হাট এলাকায় আবুল হাশেম, সেলিম ও মনির নামে তিনজন দোকানদারের কাছ থেকে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে গিয়াস। আবুল হাশেম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার দোকান বন্ধ করে দেয় গিয়াস। সেলিম ও মনির চাঁদা দিয়ে কোনমতে রক্ষা পান।
এ ধরনের বিভিন্ন অভিযোগ থানায় জমা হওয়ার পর শুক্রবার রাতে তিনজনকে আব্দুল লতিফের হাট এলাকা থেকে আটক করে পুলিশ। এসময় গিয়াস উদ্দিন ও আলাউদ্দিনের কাছ থেকে ৬০টি করে ১২০টি এবং নাজিমের কাছ থেকে ৪০ টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, গিয়াস ও তার দু’সহযোগীকে আটকের পর এলাকার মানুষের মধ্যে স্বস্ত্বি ফিরেছে। তাদের বিরুদ্ধে আবুল হাশেম বাদি হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া অনেকেই বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন বলে তিনি জানান।




