ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সম্প্রতি গুম-খুন বেড়ে যাওয়া সরকারের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতের পদ্মভূষণ পুরস্কার পাওয়া বাংলাদেশি অধ্যাপক ড. আনিসুজ্জামান। রাজধানীর সোনারগা হোটেলে সন্ধ্যা সাতটায় ভারতীয় হাইকমিশন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি দেশে গুম-খুন বেড়ে গেছে। সরকারের নানা চেষ্টার পরও এসব গুম, খুন বেড়ে যাওয়া সরকারের জন্যই উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ভারত সরকারের কাছ থেকে প্রথম পদ্মভূষণ পাওয়া বাঙালি হিসেবে তিনি মনে করেন, এই পুরস্কার দুই দেশের সম্পর্ককে আরো ভালো করবে। স্বাধীনতার এতো বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, আমরা এখনো যখন দেখি যে সংখ্যালঘুদের ওপর হামলা চলছে, তখন কিছুতেই বলা যায় না যে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হয়েছে। এ বিষয়ে সবাইকে এক সঙ্গে আরো কাজ করতে হবে। তরুণরা এমনিই তাদের দায়িত্ব নিয়ে বিভিন্ন খাতে ভালো কাজ করছে। তারা যাতে সামনে আরো ভালো করতে পারে সে বিষয়ে আমি তাদের আহ্বান জানাচ্ছি। যুদ্ধাপরাধী ইস্যুতে প্রবীণরা যা করতে চেয়েছে তা নবীনরা করে দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, যুদ্ধাপরাধী ইস্যুতে প্রবীণরা যা পারেননি, তা করে দেখিয়েছে নবীনরা। তারা সাহস দেখিয়ে আন্দোলনের নেমেছেন। আমি তাদের সাধুবাদ জানাই। যুদ্ধাপরাধী বিচার আইন অনুযায়ী হচ্ছে। এ ক্ষেত্রে রায় যাই হোক তাই মেনে নেওয়া উচিত। এসময় ইন্ডিয়ান হাইকমিশনার পঙ্কজ শরণসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




