ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পহেলা মে মহান শ্রমিক দিবসের আলোচনা সভায় বক্তব্যের শুরুতেই সাভারের রানা প্লাজা ধসসহ বিশ্বব্যাপী দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দুর্ঘটনায় হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে শ্রম মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে সভায় বক্তব্য রাখেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই মে দিবস উপলক্ষে প্রথম ছুটি ঘোষণা করেন। এরপর শ্রমিকদের উন্নয়নে মজুরি বোর্ড গঠনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলেন। এরপর আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই শ্রমিকদের কল্যাণে কাজ করে গেছে। এখনো আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করছি।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রীসভা কমিটি গঠন করেছি। এর সঙ্গে শ্রম মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। ২০০৬ সালে শ্রম আইন পাস করা হয়। ওই আইনে আমাদের অনেক সুপারিশ ছিলো, কিন্তু বিএনপি জোট তার বাস্তবায়ন করেনি।
তিনি বলেন, এরই মধ্যে শিল্প পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করে সুপারিশ দিচ্ছেন। অগ্নি নির্বাপনের জন্য বিভিন্ন জেলা, উপজেলা এবং শিল্প অঞ্চলগুলোতে ফায়ার স্টেশন স্থাপন করছি। এর আগে উপজেলা পর্যায়ে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন ছিলো না। আমরাই এ উদ্যোগ নিয়েছি।
এছাড়া দুর্ঘটনা হলে আহতদের সাহায্য করা আমাদের কর্তব্য এবং রানা প্লাজাসহ বিভিন্ন দুর্ঘটনায় হতাহতদের অর্থ সহায়তা ও চিকিৎসা সেবা দিয়েছি। এক্ষেত্রে আমাদের সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করেছে।
রানা প্লাজা ধসের ঘটনায় ২২দিন ধরে উদ্ধার কাজ চালানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্য কোনো দেশে এতো দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চালানোর নিজর নেই। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি। তাই প্রত্যেককে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য।




