গুম ও খুনের রাজনীতি বন্ধ না হলে বাংলাদেশের রাজনীতিতে অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বৃহস্পতিবার বিকালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনাতনে ‘বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির পক্ষ থেকে এ আলোচনা সভার আয়োজন করে।
সরকারকে উদ্দেশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গুম ও খুনের রাজনীতি থেকে সরে আসুন। গণতান্ত্রিক পথে চলুন, গণতন্ত্রকে রক্ষা করুন। আর এর ব্যত্যয় ঘটলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিতে অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপির বহুসংখ্যক নেতাকর্মী গুম ও খুন হয়েছে। অথচ আপনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কিন্তু গুম হওয়ার এক জনকেও আপনি ফিরিয়ে দিতে পারেননি। এই ব্যর্থতার দায়ভার নিয়ে ঘুমান কেমন করে?
খোকা বলেন, গুম ও খুনের রাজনীতি বন্ধ করুন। এই রাজনীতি জনগণকে শিখাবেন না। সুতরাং গুম ও খুনের রাজনীতি বন্ধ করুন, অন্যথায় এর জবাব আপনাকেই দিতে হবে।
সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা এম ইলিয়াস আলীকে গুম করেছে বলে অভিযোগ করেন সাদেক হোসেন খোকা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বর্তমান ফ্যাসিস্ট সরকারের শাসন চলছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা এম ইলিয়াস আলীকে গুম করেছে বলে অভিযোগ করেন সাদেক হোসেন খোকা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বর্তমান ফ্যাসিস্ট সরকারের শাসন চলছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, চেয়ারপারর্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।



