ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ১৭ কেজি সোনাসহ জাহিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম (ওসি) আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সোনাগুলো উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে (জাহিদ) গাবতলী বাস টার্মিনালে আসে।
মিরপুর বিভাগের উপ পরিদর্শক ইমতিয়াজ আহমেদ বলেন, সোনাগুলো ঢাকার বাইরে পাঠানোর জন্য বাস টার্মিনালে আসে জাহিদ। গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে শরীরে তল্লাশী চালায়। এ সময় তার সঙ্গে থাকা ১৭ কেজি ৪০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে জাহিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন বলেও জানান উপ পরিদর্শক।




