ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার পুত্র বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের চার্জ গঠনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা-তারেক সহ মোট নয় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এছাড়া তাদের বিরুদ্ধে ২১ এপ্রিল সাক্ষীগ্রহণেরও দিন ধার্য করেন আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন খালেদা জিয়া।
আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী, বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, দু’টি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে চার্জ গঠন করা হয়েছে, তা আদালতের ইতিহাসে নজিরবিহীন। তিনি বলেন, দোষী না নির্দোষ তা প্রশ্ন না করেই খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। বিষয়টি প্রধান বিচারপতির কাছেও উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কি অভিযোগ এ ব্যাপারে উচ্চ আদালতে দু’টি পিটিশন করা হয়েছে। ওই পিটিশন দু’টির নিষ্পত্তি না হওয়ার আগেই নিম্ন আদালত চার্জ গঠন করা হয়েছে। বিষয়টি উচ্চ আদালতের প্রতি অবমাননার শামিল। তিনি আরও বলেন, ‘এ মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক। রাষ্ট্রপক্ষ এ মামলা প্রমাণ করতে ব্যর্থ হবে।’ এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ তালুকদার এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান।




