ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক পদে আর দায়িত্ব পালন করতে চান না সাদেক হোসেন খোকা। ইতিমধ্যে বিষয়টি তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকেও জানিয়েছেন। বুধবার রাজধানীর নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে খোকা এসব কথা বলেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর কমিটি নিয়ে পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের তথ্য এসেছে। দলের মধ্যেও এ নিয়ে ব্লেমগেমের চেষ্টা চলছে। এসব কারণে এ বিষয়টি খোলাশা করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা। তাই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খোকা বলেন, ‘ঢাকা মহানগরকে ঢেলে সাজানোর জন্য ও শক্তিশালী করার তাগিদ অনুভব করছি। মহানগরকে ঢেলে সাজানোর জন্য আমি নিজেও কারাগার থেকে বিএনপির চেয়ারপারসনের কাছে সংবাদ প্রেরণ করি। অনেক দিন হয়ে গেছে প্রায় সাড়ে ১৭ বছর ধরে আমি ঢাকা মহানগরের দায়িত্ব পালন করছি।’ এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, তিনি পদত্যাগ করছেন না। দলকে সুসংগঠিত করার জন্য মহানগর কমিটিকে ঢেলে সাজানোর প্রয়োজন অনুভব করছেন এবং বিএনপির চেয়ারপারসন যেভাবে করবেন, সেখানে তাঁরা সর্বতোভাবে সহযোগিতা করবেন।
খোকা বলেন, সরকার যে দমননীতি নিয়েছিল, তাতে কোনো আন্দোলন সফল হতে পারে না। নতুন কমিটি দিতে না পারা নিজেদের ব্যর্থতা মনে করেন কি না—সাংবাদিকেরা জানতে চাইলে এড়িয়ে যান তিনি। সংবাদ সম্মেলনে মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালামসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।




