ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির নেতৃত্বে যেকোনো সময় সরকার পতনের আন্দোলনে দেশের জনগণ ঝাঁপিয়ে পড়বে। ভারত সেদিন এ সরকারকে রক্ষা করতে পারবে না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘তারেক রহমানের ৮ম কারাবন্দি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ এ আলোচনার আয়োজন করে।
গয়েশ্বর বলেন, সরকার ভারতের তাঁবেদারিতে ক্ষমতায় বসলেও জনগণের আন্দোলনকে ভারত ঠেকাতে পারবে না।গণতন্ত্রের নিয়ম হলো জনগণকে মূল্যায়ন করে সরকার গঠন করা। আর বর্তমান সরকার জনগণকে শুধু অবমূল্যায়নই করেনি, বরং জনগণকে পায়ে পিষ্ট করে ক্ষমতায় বসে আছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর আলম শিকদার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার গাজী মাযহারুল আনোয়ার, জাসাসের সাবেক সভাপতি অভিনেতা বাবুল আহমেদ প্রমুখ।




