ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় পার্টির চেয়্যারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমি ক্ষমতা ছেড়েছি ১৯৯০ সালে। ক্ষমতা ছাড়ার পর থেকে আমার বিরুদ্ধে ৭৪টি মামলা করা হয়েছে। কমতে কমতে এখন দু’চারটিতে এসেছে। মামলার হাত থেকে আমি এখনও মুক্তি পাইনি।’
বৃহস্পতিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, আমি কখনো শৃঙ্খলমুক্ত রাজনীতিবিদ ছিলাম না। অনেকে সমালোচনা করে বলেন, আমি নাকি সকালে এক কথা বিকালে আরেক কথা বলি। আমি কিন্তু শৃঙ্খলমুক্ত রাজনীতি করি নাই।
নির্বাচন নিয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, কিভাবে নির্বাচন হয়েছে তা সবাই জানেন। এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে এর আগে আমরা ২০টি আসন পেয়েছি। এবার আমাদের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল।
এরশাদ বলেন, ‘বহুদিন পর রংপুরে আসলাম। নানা ঘটনা ঘটেছে দেশে। শেষ বয়সে ইচ্ছা ছিল রংপুরে এমপি হব। এমপিও হয়েছি। আমি জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই। নানা বিরোধের কারণে আমরা এই এলাকার আসনগুলো হারিয়ে ফেলেছি।’
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আজ হোক কাল হোক দেশে নির্বাচন হবেই। নির্বাচনে শক্তি নিয়ে আবার এ আসন উদ্ধার করবো। এজন্য রংপুরবাসীর দোয়া নিতে এসেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, রংপুর জেলা ও মহানগর কমিটির সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরী, আবুল মানসুদ চৌধুরী নান্টু এবং গোলাম মোহাম্মদ কাদেরসহ স্থানীয় নেতাকর্মীরা।




