বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদার আবারো সময়ের আবেদন

খালেদার আবারো সময়ের আবেদন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে উপস্থিত হতে সময় চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার মামলা দু’টির চার্জ শুনানির জন্য দিন ধার্য আছে। কিন্তু খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে আসতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। মামলাটি ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন।

সরকার খালেদা জিয়ার নিরাপত্তা প্রত্যাহার করায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় গত ১২ জানুয়ারিও তিনি সময়ের আবেদন করেছিলেন। এর আগে বিভিন্ন কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৪১ বার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১১বার সময়ের আবেদন করেন তিনি।

জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানের পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন। অপর দুই আসামি হচ্ছেন, কাজী সলিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও শরফুদ্দিন আহমেদ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অপর আসামিরা হলেন, জিয়াউল ইসলাম মুন্না, মনিরুল ইসলাম খান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। তবে হারিছ চৌধুরী এ মামলায় বরাবর পলাতক।

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ।

অন্যদিকে, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট  দুর্নীতি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ