আদালত প্রতিবেদক (বিডিসময়২৪ডটকম)
বিএনপির যুগ্ন মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন আবেদন নামঞ্জুর করেছে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। আজ রবিবার সকাল ১১টার দিকে তিনি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। হরতাল অবরোধের সময় কেরানিগঞ্জে নাশকতাসহ মোট চারটি মামলায় তাঁর জামিন আবেদনের উপর শুনানি হয়। পরে আদালত তার জামিন আবেদন নাকচ কর তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।চারটি মামলাই কেরানিগঞ্জে করা হয়।
ঢাকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান উজ্জল শুনানি শেষে চারটি মামলায়ই তার জামিন আবেদন নাকচ করে দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল জামিন আবেদন নামঞ্জুরের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, মামলাগুলো বিস্ফোরক, গাড়ি ভাঙচুর ও হরতালের নাশকতার অভিযোগে গত নভেম্বরের বিভিন্ন সময় কেরাণীগঞ্জ থানায় দায়ের করা হয়েছিল। তবে মামলার ধারাগুলো অ-জামিনযোগ্য হওয়ায় ম্যাজিস্ট্রেট এ জামিনগুলো নামঞ্জুর করে দেন বলেও তিনি জানান।




