ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটার বিহীন নির্বাচন করে সরকার পাঁচ বছর নয় কেউ পাঁচ মাসও থাকতে পারে না। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী স্মৃতি পরিষদ আয়োজিত ভাষা আন্দোলন ও মাওলানা ভাসানী শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে ভোটার বিহীন নির্বাচন করে পাঁচ বছর নয় কেউ পাঁচ মাসও থাকতে পারেনি। সরকারের মন্ত্রী এমপিরা পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য নানা রকম হুঙ্কার ছাড়ছেন।
তিনি আরো বলেন, আজকে গোটা পৃথিবীতে এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। গোটা পৃথিবী বলছে, এই নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই জন্য তারা খুব দ্রুত নির্বাচন করার কথা বলছে। বিএনপি চেয়ারপারসনও খুব দ্রুত নির্বাচন দেয়ার কথা বলেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন। সভাপতিত্ব করেন জিয়াউল হক মিলু। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি নূর মোহাম্মদ খান, অ্যাডভোকেট নাজমুল হক নান্নু, সাধারণ সম্পাদক কাজী মনিরুল হুদা, প্রমুখ।




