স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
আবারো জয়ের অনেকটা কাছে গিয়েও শেষ পর্যন্ত হারের তিক্ততা নিয়েই মাঠ ছাড়তে হল সাকিব-তামিমদের। শুক্রবার চট্টগ্রামের জহুরুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির শ্বাসরুদ্ধকার ম্যাচে শ্রীলংকার কাছে তারা হেরেছে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করে।
টাইগারদের বেঁধে দেয়া ১২১ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারের শেষ বলে ফরহাদ রেজাকে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন সেনানায়েক।
যার সুবাদে ৩ উইকেটের দারুণ জয় তুলে নেয় অ্যাঞ্জেলা মেথুসের নেতৃত্বাধীন শ্রীলংকা। সঙ্গে ২-০ ব্যাবধানে জিতে নিল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও। লংকানদের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ কুমারা সাঙ্গাকারা। ৩৫ রান করে অপরাজিত থাকেন অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া জয়ের নায়ক সেনানায়েক অপরাজিত থাকেন ব্যক্তিগত ১২ রানে।
বাংলাদেশের পক্ষে বল হাতে মাশরাফি মরতুজা দুই উইকেট নেন। এছাড়া আরাফাত সানি, সাকিব আল হাসান, রুবেল হোসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদরা ১টি উইকেট নেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে টাইগাররাও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। আনামুল হকের ২৪ এবং সাব্বির রহমানের ২৬ রানের উপর ভর করে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২০ রান করতে সক্ষম হয় সাকিব আল হাসানরা।
লংকানদের পক্ষে ৩টি উইকেট শিকার করে লাসিথ মালিঙ্গা। কুলাসেকারা এবং সেনানায়েক নেন ২টি করে উইকেট। এছাড়া মেন্ডিস নেন ১টি উইকেট। শুক্রবারের এ খেলায় সেরা খেলোয়ারের খেতাবটি জিতে নেন লংকান অলরাউন্ডার থিসারা পেরেরা। এবং দুই ম্যাচে অলরাউন্ডিং নৈপূণ্য দেখিয়ে সিরিজ সেরার পুরস্কারটি থলিতে পোরেন তারই স্বদেশী নয়ন কুলাসেকারা।




