তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।
জানা গেছে, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
অন্যদিকে, একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও আনসার রোড এলাকাতেও অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
প্রসঙ্গত, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বর্তমানে প্রচলিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির তুলনায় নতুন মজুরি ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছিলেন, শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। তবে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে।




