মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচুয়েটের উপাচার্য পুনর্বহালের দাবিতে ১৩ দিনে আন্দোলন

চুয়েটের উপাচার্য পুনর্বহালের দাবিতে ১৩ দিনে আন্দোলন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন টানা ১৩তম দিনে গড়িয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে রোববার শিক্ষকদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা নেমে এসেছে। ক্যাম্পাসের এই অচলাবস্থা কাটানোর লক্ষ্যে শিক্ষক–কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছে বলে জানা গেছে।

চুয়েটের সহকারী অধ্যাপক সামিউন বাসির জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিদল সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে চুয়েটের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহাল করার দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় এবং এর পক্ষে যৌক্তিক কারণ তুলে ধরা হয়।

তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে প্রতিনিধিদের বক্তব্য শুনেছেন এবং তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। উপস্থাপিত বিষয়গুলো বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে উপাচার্য পুনর্বহালের দাবিতে চলা টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং ক্লাসে ফিরবেন না।

উল্লেখ্য, ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। কিন্তু মাত্র ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর রাতে তাকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

উপাচার্য পরিবর্তনের প্রজ্ঞাপন জারির পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। ২২ সেপ্টেম্বর থেকে মূল ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে কমপ্লিট শাটডাউন ও ক্লাস–পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এরপর টানা ১৩ দিন ধরে চুয়েটে অচলাবস্থা বিরাজ করছে। আন্দোলনের মধ্যে ২৪ সেপ্টেম্বর নতুন উপাচার্য অনলাইনে যোগদান করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন

সর্বশেষ