শারীরিকভাবে অসুস্থ ও অসহায় ২২ ব্যক্তিকে চিকিৎসা ও জীবিকায়নের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল সাপ্তাহিক গণশুনানিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ অনুদান তুলে দেন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, গতকাল দুই শতাধিক মানুষ গণশুনানিতে এসেছিলেন। মেয়ের চিকিৎসার কাগজপত্র নিয়ে এসেছেন কেউ। আবার কেউ এসেছেন ক্যান্সারে আক্রান্ত মায়ের পরীক্ষার প্রতিবেদন হাতে। কেউ এসেছেন অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে। কারও কাঁধে চাকরি হারানোর পর জমে ওঠা ঋণের বোঝা। তারা এসেছেন চট্টগ্রামের নানা প্রান্ত থেকে। হাজার মাইল দূরে প্রবাসে বসেই যুক্ত হয়েছেন চারজন। তাদের উদ্বেগ দেশে ফেলে আসা জমি, বাড়ি আর সম্পত্তি নিয়ে। প্রবাসীদের চারটি অভিযোগই শোনেন জেলা প্রশাসক।
এরপর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়গুলো তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন। অগ্রগতি ও ফলাফলও যেন অভিযোগকারীরা জানতে পারেন, সেই নির্দেশও দেন তিনি। জেলা প্রশাসন জানায়, গতকাল রোবোটিক্স অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া এক মেধাবী শিক্ষার্থীকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পন্সরশিপ দেওয়া হয়।




