চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা ২০ মিনিটে শুরু হওয়া কর্মসূচিতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অংশ নেন। এ সময় তারা নিজেদের শিক্ষার্থী আইডি নম্বর উল্লেখ করে স্বাক্ষর করেন।সংগৃহীত স্বাক্ষর পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, গত ২১ সেপ্টেম্বর বিনা নোটিশে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই তারা বিক্ষোভ মিছিল করেন। পরদিন ২২ সেপ্টেম্বর চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। আজ আন্দোলনের দ্বিতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এর আগে ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পরে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনভর ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন তারা।




