বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েহাসপাতালের সেবা কার্যক্রমে কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ করার ভাবনা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

হাসপাতালের সেবা কার্যক্রমে কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ করার ভাবনা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সরকারি হাসপাতালে গ্রামীণ রোগীদের ভোগান্তি কমাতে এবং দালালদের দৌরাত্ম্য রুখতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ বা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার নতুন ভাবনা ও প্রস্তাব তুলে ধরেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সাথে তিনি জানিয়েছেন, আগামী ১লা ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এক বছরব্যাপী বিশেষ পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন। এছাড়া সিরাজগঞ্জকে স্বাস্থ্যসেবার ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তুলতে জেলার ১১টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭ দিনের মধ্যে তিন মাসের ওয়ার্ক প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে সার্কিট হাউজে ‘ডিস্ট্রিক্ট হেলথ প্ল্যানিং’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের ব্যবস্থাপনায় বেশ কিছু যুগান্তকারী ও নতুন ভাবনার কথা তুলে ধরেন।

তিনি জানান, গ্রামের সাধারণ মানুষ হাসপাতালে এসে কোথায় যাবেন তা বুঝতে না পারায় দালালদের খপ্পরে পড়েন। এটি বন্ধে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের কলেজ পড়ুয়া ১০ জন শিক্ষার্থীকে ৫ জন ছাত্র ও ৫ জন ছাত্রী সপ্তাহে একদিন স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বিনিময়ে তাদের দৈনিক সম্মানী দেওয়া হবে। তারা রোগীদের টিকিট কাটা থেকে শুরু করে চিকিৎসক ও পরীক্ষাগার পর্যন্ত পথ দেখিয়ে দেবেন এবং হাসপাতালে নিজস্ব মালিকানাবোধ তৈরি করবেন।

পরিবার পরিকল্পনা খাত নিয়ে সুসংবাদ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, আগামী পহেলা ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ে এক বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হবে এবং শুরুর দিন থেকেই মাঠকর্মীরা হাতে পর্যাপ্ত পরিবার পরিকল্পনা সামগ্রী নিয়ে কাজ করতে পারবেন। এছাড়া দেশের যে ৫-৬টি জেলায় প্রথম ‘ই-হেলথ কার্ড’ পাইলটিং হবে, তাতে সিরাজগঞ্জকে রয়েছে এবং আগামী ২ বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

ড. এম এ মুহিত বলেন, বড় প্রকল্পের অপেক্ষায় না থেকে বিদ্যমান সীমিত সম্পদ দিয়ে আগামী ৩ মাসের মধ্যে মানুষকে পরিচ্ছন্ন হাসপাতাল, দালালমুক্ত পরিবেশ এবং বিনামূল্যে অন্তত অর্ধেক ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সেবা দিতে হবে। জনগণের সাথে ভুল বোঝাবুঝি দূর করতে সুশীল সমাজ, সাংবাদিক ও সেবাগ্রহীতাদের নিয়ে ‘ডিস্ট্রিক্ট হেলথ ফোরাম’ গঠন এবং নিপসমের গবেষকদের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণার কথাও জানান তিনি।

সিরাজগঞ্জের প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব উপস্থিত কর্মকর্তাদের হাতে উল্লেখ করে প্রতিমন্ত্রী জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজকে আগামী ৭ দিনের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাসের লক্ষ্যমাত্রাসহ ৯০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন।

কর্মশালায় বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য পাইলট হিসেবে হাতে ১০ থেকে ৫০ লাখ টাকার বিশেষ পরিচালন তহবিল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে ৫ হাজার নতুন জনবল নিয়োগ সম্পন্ন হলে সিরাজগঞ্জের সব শূন্য পদ পূরণ করে একে একটি ‘লাইটহাউস’ বা মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে; পাশাপাশি রোগীদের প্রতি চিকিৎসক ও নার্সদের সদ্ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, গত আট মাসে দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং ভ্যাকসিন ও জরুরি ওষুধের সরবরাহে দৃশ্যমান উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সিরাজগঞ্জের উপজেলাগুলোতে জনবান্ধব ‘ভিজিল্যান্স টিম’ ও ‘অভিযোগ নিষ্পত্তি সেল’ গঠন করে এই মডেল জেলা বাস্তবায়নে অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ নুরুল আমিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালালউদ্দিন মোহাম্মদ রুমি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) নাহিদ সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এরফান আহমেদ, উপসচিব ওয়ায়েস আনসারী, প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রায়হানুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুল আরেফিন, শাহজাদপুর ইউএনও সাবরিনা শারমিন, বেলকুচি ইউএনও আফরিন জাহান, কামারখন্দ ইউএনও ডা. বিপাশা হোসাইন, রায়গঞ্জ ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মাসুদ রানা, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাসেল, বেলকুচি ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুন্নাহার মৌসুমী, চৌহালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ বি এম কায়সার ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়াও জেলার সকল উপজেলার ইউএনও, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ