চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর সাথে সাধারণ ছাত্র-ছাত্রীদের মতবিনিময় সভা আজ ১৩ আগস্ট, ২০২৬ খ্রি:, বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
একাডেমিক কাউন্সল কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় চুয়েট এর বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে গতকাল পুকুরে ডুবে অকাল মৃত্যুবরণকারী চুয়েটের ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চমক দত্ত এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মতবিনিময় সভায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, ছাত্র-ছাত্রীদের সুরক্ষা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, ভবিষ্যতের করণীয়, রোডম্যাপ তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, “আমি যোগদানের পর কয়েকটি কার্যদিবস পার করেছি মাত্র। এই সীমিত সময়ের মধ্যে চেষ্টা করেছি সমস্যা, সম্ভাবনা ও করণীয়গুলো নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে। আমরা পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি ব্যক্তিগতভাবে প্রচলিত কোন আশ্বাস নয়, কাজে বিশ্বাসী। আমি চুয়েট এর বিভিন্ন রিসোর্স, অফিস, শাখাগুলোকে অধিকতর ফাংশনাল করতে চাই। যে যার অবস্থান থেকে সর্বোচ্চ দিবে এই প্রত্যাশা করি। আমার প্রিয় ছাত্র-ছাত্রীদের সাথে ইন্টার্যাকশন, শেয়ারিং অব্যাহত রাখতে চাই। উভয় দিক থেকে শেয়ারিং থাকলে যেকোন সমস্যার দ্রুত সমাধান করা যায়। আশা করি, সকলে মিলে কাজ করলে ভবিষ্যতে অনেক বড় সাফল্য আসবে।”
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, উপ-পরিচালক অধ্যাপক ড. আবু মো: মোয়াজ্জেম হোসাইন, সহকারী পরিচালক জনাব মো: মাসুম রানা প্রামাণিক, উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা জনাব আইদিত ইবনে মঞ্জু প্রমুখ।




