ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নরসিংদীতে সাত চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
তারা হলেন- জেলার শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাজিব মাহমুদ, ডা. আশফাক নবী, একই উপজেলার যশোর উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. মোহাম্মদ মাহামুদুল কবীর বাশার, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জুনিয়র কনসালটেন্ট ডা. পবিনা আফরোজ পারভীন, একই উপজেলার গজারিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাহিদা বেগম, সহকারী সার্জন ডা. মো. শরীফ আহম্মেদ এবং ডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. নুরুন্নাহার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বাসুদেব গাঙ্গুলী ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহ্নেওয়াজ গত বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে গিয়ে ওই সাত চিকিৎসককে কর্মস্থলে পাননি। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ওই সাত চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।




