শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে সংসদে : জামায়াত আমির

ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে সংসদে : জামায়াত আমির

জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে দাবি করেছেন জামায়াত আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গণভোট নিয়ে সরকারের দ্বৈত নীতির কথা উল্লেখ করে আন্দোলন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। একইসঙ্গে এই আন্দোলনকে তিলে তিলে সফলতার দিকে নিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও বৃহৎ রূপ লাভ করবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে। কিন্তু জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এ সরকার পার পাবে না। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল না হওয়া পর্যন্ত থামবে না, বরং বৃহৎ রূপ লাভ করবে।

জামায়াত আমির বলেন, একসময় গণভোট হারাম, আবার অন্য সময় অর্ধেক হালাল। আমরা এটি পার্লামেন্টে বলেছি। আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি। আলহামদুলিল্লাহ, সুযোগ পাই বা না পাই, আমরা কণ্ঠ বন্ধ করিনি। কারণ, জনগণ আমাদের তাদের অধিকারের পক্ষে কথা বলতেই সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে বসে থাকার জন্য নয়, বরং তাদের অধিকার আদায়ের দাবি জানানোর জন্য পাঠিয়েছে।

তিনি বলেন, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি, এই সংসদের বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি না। অনেক সুবিধা আছে যা আমরা স্বেচ্ছায় নেব না। যেগুলো না নিলেই নয়, কেবল সেগুলোই নেব। অবৈধ কোনো দিকে আমাদের চোখ এবং হাত যাবে না।

রাজনীতির দুষ্টচক্র ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের এক-তৃতীয়াংশ সময় একজনের বদলে আরেকজনের প্রশংসায় ব্যয় হোক, এটি আর দেখতে বা শুনতে চাই না। প্রশংসা হবে জনগণের। সংসদের ভেতর কথা হবে জনগণের সমস্যা নিয়ে এবং সেখানেই খোলামেলা সমাধান বের হতে হবে। এগুলো বাদ দিয়ে অন্য কিছুর চর্চা আমরা সংসদের ভেতর চাই না।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, আমরা ফ্যাসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। ওই সংসদে দাঁড়িয়ে অতীতে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা হতো, আজকে দু-একজন আমাদের লক্ষ্য করে সেই একই ভঙ্গিতে কথা বলা শুরু করেছেন। আমরা তাদের বলি, জিহ্বা সংযত করুন। এই মনোভাব এবং আচরণ দেখাবেন না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে প্রজন্ম ও দেশ গড়ে উঠেছে, সেই দেশ কারো রক্তচক্ষু পরোয়া করে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রমুখ।

সেমিনারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের আইন অঙ্গনের বিশিষ্টজনরা। নিজ নিজ বক্তব্যে তারা গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। চলমান তেল সংকট, হাম সংক্রমণ ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা।
আরও পড়ুন

সর্বশেষ