শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনববর্ষ উদযাপনে র‍্যাবের কঠোর নিরাপত্তা, নাশকতার ঝুঁকি নেই

নববর্ষ উদযাপনে র‍্যাবের কঠোর নিরাপত্তা, নাশকতার ঝুঁকি নেই

আসন্ন পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন র‍্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। তিনি জানান, নববর্ষ উদযাপনে নাশকতার ঝুঁকি নেই।

তিনি বলেন, পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন নিযুক্ত থাকবে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারাদেশে র‍্যাবের সকল ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭ টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ সর্বমোট ৩০৮টি টহল এবং সাদা পোশাকে র‍্যাবের সদস্যগণ মোতায়েন থাকবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শাহাবগ, টিএসসি, রমনা, রবীন্দ্রসরবর, হাতিরঝিলসহ যেসব স্থানে বর্ষবরণ উৎসব আয়োজন করা হয়েছে সেসকল স্থানে র‍্যাব কর্তৃক যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পরীক্ষণ চেক-পোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে।

‘রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। যেকোনো ধরণের নাশকতা মোকাবেলায় র‍্যাব স্পেশাল কমান্ডো প্রস্তুত রয়েছে।’

আরও পড়ুন

সর্বশেষ