ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে। কিন্তু তারা প্রকৃতপক্ষে গণতন্ত্র ও স্বাধীনতার বিপক্ষে। শুক্রবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা ও প্রহসনমূলক নির্বাচন করে জাতিকে একটি কলঙ্কজনক ইতিহাস উপহার দিয়েছেন। কিন্তু বস্ত্র দিয়ে লজ্জার সব কিছু ঢাকা যায় না। আর এখন সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে সেই লজ্জা ঢাকতে চাচ্ছেন।
সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ভোট দিলেও বিপদ, না দিলেও বিপদ। তার প্রমাণ হচ্ছে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর আওয়ামী লীগের পোষা যৌথবাহিনী, যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর অভিযান। কারণ তারা গত ৫ জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে ভোটকেন্দ্র যাননি, ভোট দেননি বলে।




