ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
এবার দাখিল পরীক্ষার্থী। বয়স ১৫। হঠাৎ করে ছেলেতে রূপান্তরিত হয়ে গেছে আঁখি। (ছদ্মনাম)। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলা সদরের আলীপুরে। গত শুক্রবার সকাল থেকে এ ঘটনা জানাজানি হলে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া আঁখিকে এক নজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাদের বাড়িতে।
সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, বাড়িতে কয়েক হাজার উৎসুক মানুষের ভিড়। সবাই কৌতূহল নিয়ে আঁখিকে দেখছে।
প্রতিবেশীরা জানান, বেশ কয়েকদিন আগেই তার পরিবর্তন লক্ষ্য করা যায়। এ জন্য গত বুধবার সে মাদ্রাসা থেকে ফেরার পথে পার্শ্ববর্তী কল্যাণপুর বাজারে গিয়ে সেলুন থেকে ছেলেদের মত করে চুল ছেঁটে আসে।
তার ক্ষুদ্র ব্যবসায়ী বাবা জানান, তার মেয়ে এবার দাখিল পরীক্ষা দেবে। গত বৃহস্পতিবার তিনি স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারেন।
তিনি জানান, আঁখি তার মাকে প্রথম বিষয়টি জানায়। শুক্রবার থেকে বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষের মুখে মুখে চারিদিকে জানাজানি হয়ে যায়। এরপর থেকেই দিনরাত মানুষ ভিড় করছে তাকে দেখার জন্য। এখন তার শারীরিক গঠন পুরুষের মতো। এছাড়া চেহারাতেও কিছুটা পরিবর্তন এসেছে। আঁখির বাবা আরও বলেন, ছেলেতে রূপান্তরিত হওয়ার পর এখনো আঁখির নাম রাখা হয়নি।
মেয়ে থেকে ছেলে বনে যাওয়া আঁখি আক্তার জানায়, সে দুই-তিন মাস আগে থেকেই এমন কিছু ঘটছে বলে আন্দাজ করতে পারে। কিন্তু লোক-লজ্জায় তখন কিছু বলতে পারেনি।
তার গৃহিনী মা জানান, ১৫-২০ দিন আগে আঁখি তাকে ঘটনাটি বললে তিনি বিশ্বাস করেননি। পরে তিনি সবকিছু দেখে শুনে বিশ্বাস করেন। তিনি বলেন, আল্লাহ তাকে মেয়ে থেকে ছেলে বানিয়ে দিয়েছে। আগে তাদের ২ ছেলে ও ৩ মেয়ে ছিল। এখন ৩ ছেলে ও ২ মেয়ে হওয়ায় তারা খুশি।
এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম বক্স বলেন, আমাদের দেশে মাঝে-মধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে। এটা সাধারণত হরমোন পরিবর্তনের কারণে ঘটে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই রূপান্তর সঠিকভাবে হয় না। তাই পরিবর্তিত লিঙ্গের ব্যক্তির জন্য এটা অনেকাংশে সুখকর হয় না।




