ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
অপরাধী শনাক্তে মাঠে নেমেছে পুলিশের মোবাইল কমান্ড সেন্টার। ঢাকার রাস্তায় নামানো হচ্ছে অত্যাধুনিক এই যানটি। যাতে থাকবে আটটি ক্লোজড সার্কিট ক্যামেরা। ভেতরে রয়েছে মনিটরিং ব্যবস্থা। চারজন পুলিশ সদস্য গাড়িতে বসে সরাসরি অপরাধীদের গতিবিধি, চারপাশে কি ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা নজরদারি করতে পারবে। একই সময়ে এই ভিডিও ফুটেজ মহানগর পুলিশের সদর দফতর কিংবা পুলিশের যে কোন বিভাগ সরাসরি দেখতে পাবে।
বড় একটি কাভার্ড ভ্যানের উপর আটটি ক্লোজড সার্কিট ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই মোবাইল কমান্ড সেন্টারটি। ঘূর্ণায়মান এই ক্যামেরা যানের চারপাশে কি হচ্ছে তা রেকর্ড করতে পারে। অপরাধ সংঘটিত হতে পারে এমন কোন স্পটে যানটি রাখলে ওই স্পটের অপরাধীদের গতিবিধি, কেউ অস্ত্র বা বিস্ফোরক বহন করছে কিনা কিংবা যে কোন ঘটনা সরাসরি প্রত্যক্ষ করতে পারবে পুলিশ। ওই স্থানে কর্তব্যরত পুলিশের ভূমিকাও দেখতে পাবে সরাসরি মহানগর পুলিশের সদর দফতর।
এই মোবাইল কমান্ড সেন্টারটি তৈরি করতে তিন মাস লেগেছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই অত্যাধুনিক মোবাইল কমান্ড সেন্টারটি নির্মিত হয়েছে। আমেরিকা ও যুক্তরাজ্যের পুলিশ বিভাগ অপরাধী শনাক্তে এই মোবাইল কমান্ড সেন্টার প্রযুক্তি বহু আগ থেকে ব্যবহার করে আসছে।




