ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ১২ জানুয়ারী আমরা শপথ গ্রহণ করবো, সরকার গঠন করবো। শুক্রবার রাজধানীর সোহওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দলের প্রথম এই প্রথম জনসভা।
তিনি বলেন, সকল বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র উপেক্ষা করে গত ৫ জানুয়ারির নির্বাচনে ৪০ ভাগ ভোটার তাদের ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন,‘যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল অসাংবিধানিক প্রক্রিয়া যাতে ফিরে আসে। কিন্তু বাংলাদেশের মানুষ সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতি তাদের অবস্থা গত ৫ জানুয়ারির নির্বাচনে দেখিয়ে দিয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অশান্তি বেগম’ আখ্যায়িত তিনি বলেন, ‘উনার আন্দোলনের মানে কী? উনি জনগণকে ডাক দেন, জনগণ সাড়া দেয় না। উনার আন্দোলন হলো গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা।’
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন, এখন আর মানুষকে যন্ত্রণা দেবেন না। যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে আলাপ-আলোচনা করে সমাধান করা যেতে পারে।’ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
এর আগে বেলা আড়াইটায় নির্বাচনের পর প্রথম এই সমাবেশে ব্যাপক লোক সমাগম অব্যাহত রয়েছে। জনসভা সফল করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা বেশ কয়েকটি যৌথসভাও করেছেন।
দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসছেন নেতাকর্মীরা। রাজধানীর বাইরে থেকেও বাসে-ট্রেনে আসছেন অনেকে।
নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত শামীম ওসমান ঢাকার জনসভায় ৫০ হাজার কর্মী-সমর্থক জড়ো করতে ৫ শতাধিক গাড়ি ভাড়া করেছেন বলে আওয়ামী নেতারা জানিয়েছেন।
ফলে নারায়াণগঞ্জ কয়েকটি রুটে যানবাহন সংকট দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ থেকে ট্রেনে করেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসছেন। গাজীপুর,নরসিংদী থেকেও সমাবেশস্থলে অনেক লোক আসছে।
স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো প্রতি বছর দিনটি পালন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে।
এ উপলক্ষে শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা তোলা হয়। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।




