ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সরকারের কোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল তীব্র গণআন্দোলনকে কোনোভাবেই কলুষিত করে স্তব্ধ করা যাবে না। জনতার যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান গণআন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সমালোচনার মুখে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার পরিকল্পিতভাবে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর হামলা করছে।
তিনি বলেন, ‘৫ জানুয়ারির পাতানো নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি ও দেশবাসীর স্বতঃস্ফূর্ত বর্জন এবং বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রবল সমালোচনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য যশোর, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরসহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে।’
বিবৃতিতে বিএনপির মুখপাত্র দেশব্যাপী যৌথবাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি সন্ত্রাসী কর্তৃক সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, প্রহসনের নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশকে এক চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ‘যৌথবাহিনী দিয়ে সারা দেশে বিরোধী দলের তিন শতাধিত নেতাকর্মীকে গ্রেপ্তার এবং যৌথবাহিনী এবং তাদের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সকল ধর্ম, বর্ণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে কোনো হামলা মোকাবেলায় ১৮ দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীকে সদা সতর্ক থাকার এবং তাদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।’




