ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
যারা সহিংসতা করে তারা কোনো দলের নয়। সহিংসতা গণতন্ত্রের ভাষা হতে পারে না বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।
মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নির্বাচনী সহিংসতার অগ্নিদগ্ধ প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সহিংসতায় যারা আহত হয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তারা সরকারি কর্মকর্তা-কর্মচারী। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তারা এ ধরনের হামলার শিকার হয়েছেন। নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নাশকতার ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি নির্বাচনের দিন বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শেষে টেম্পু নিয়ে ফেরার পথে পেট্রোল বোমায় প্রিসাইডিং অফিসার সাইদুল, কনস্টেবল আবুল কালাম আজাদসহ চার জন দগ্ধ হন। ঐ দিনই সাইদুল ও আজাদকে ঢাকায় পাঠানো হয়।




