মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়া প্রয়োজনে পায়ে হেঁটে নয়াপল্টনে যাওয়‍ার প্রস্তুতি নিচ্ছেন

খালেদা জিয়া প্রয়োজনে পায়ে হেঁটে নয়াপল্টনে যাওয়‍ার প্রস্তুতি নিচ্ছেন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নয়াপল্টন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুলিশ তার বাসা ঘিরে রাখলেও সকাল সাড়ে দশটার দিকে তিনি নয়াপল্টন অভিমুখে রওয়ানা হবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

সূত্রমতে, খালেদা জিয়া যে কোন মূল্যে নয়াপল্টনে যাওয়‍ার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটেও। গ‍াড়িতে চড়তে বাধা দেওয়া হলে পদব্রজেই পল্টন অভিমুখে রওয়ানা হবেন তিনি। যাওয়ার পথে সব ধরনের বাধা মোকাবেলায় তিনি বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিশ্বস্ত নেতাদের।

সূত্র আরো বলছে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এরই মধ্যে নয়াপল্টনের আশপাশের এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে অবস্থান নিয়েছেন। দলীয় প্রধান নয়াপল্টনে আসামাত্র বেরিয়ে আসবেন তারাও। এর আগে সকাল দশটার দিকে ঢাকার বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে নেতাকর্মীরা ছুটবেন নয়াপল্টন অভিমুখে। এরপরপরই খালেদা জিয়া বেরিয়ে আসবেন তার গুলশানের বাসা থেকে। সব মিলিয়ে কড়া নিরাপত্তা বলয়ে থাকা রাজধানীতে এভাবেই মার্চ ফর ডেমোক্রেসি আবহ আনবেন তারা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়া তার গুলশানের বাসাতেই ছিলেন। আর বাসার সামনে মোতায়েন ছিলো অন্তত ১০ প্লাটুন পুলিশ।

এর আগে শনিবার রাত পৌনে ন’টার দিকে বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়াকে দেওয়া নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তার বাসার সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বালুবাহী ট্রাক। এরপর রাতেই বিএনপিপন্থি সাংবাদিকদের একটি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে জানায়, পূর্বঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির নেতৃত্ব দিতে রোববার যে কোন মূল্যে নয়াপল্টনে যাবেন খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ