ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মঙ্গলবার রাজধানীর শাপলা চত্বরে পূর্ব ঘোষিত মহাসমাবেশের অনুমতি পায়নি হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির নেতাকর্মীরা বেশ জোরেসোরেই বলছেন, ‘তারা সমাবেশ করবেনই। আর এতে করেই আরেক দফা উত্তেজনার সৃষ্টি হয়েছে।’
রবিবার আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘হেফাজতকে সমাবেশ করতে দেয়া হবে না।’ তা ছাড়া আজ দুপুরে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাসেমীকে র্যাব কার্যালয়ে নিয়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গেছে, হেফাজতের সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ কঠোর অবস্থানে রয়েছেন।
চলতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হেফাজত রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার জন্য তিন দফা ঘোষণা দিয়েছে। প্রতিটি ঘোষণায় তারা বলেছেন, ১৮ দলীয় জোটের হরতাল কিংবা অবরোধ কর্মসূচি হেফাজতের মহাসমাবেশ কোন অবস্থাতেই বাধার সৃষ্টি করতে পারবে না। তাছাড়া সরকার যদি মনে করে মহাসমাবেশ করতে দেবে না তাহলে তারা বড় ভুল করবে। হেফাজতের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা মহাসমাবেশ সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
এদিকে হেফাজতের একাধিক সূত্র জানায়, গত শুক্রবার অনেকে বাইরে থেকে মহাসমাবেশে যোগদান করতে রাজধানীতে এসেছে। তাছাড়া প্রতিদিনই নেতাকর্মীরা রাজধানীতে আসছেন। হেফাজতের একাধিক সূত্র জানায়, ১৮ দলীয় জোটের হরতাল কিংবা অবরোধ কর্মসূচি মহাসমাবেশের ক্ষেত্রে কোন বাধা হবে না। মহাসমাবেশ সফল করার জন্য হেফাজতের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীরা প্রস্তুত।
চলতি মাসের প্রথম দিকে হেফাজত মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রেপলিটন পুলিশের কাছে আবেদন করেছে। আজ সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসমাবেশ করার বিষয়ে হেফাজত কোনো ধরনের সবুজ সংকেত পায়নি।




