ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সমঝোতার এখনো সময় আছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সংশোধিত পঞ্চদশ সংবিধানের আলোকেই ২৪ জানুয়ারির পর দশম সংসদ নির্বাচন করা সম্ভব।’ রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে টানা ৮৩ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনকে নির্বাচিত করার পর এবার নির্বাচনের নামে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। জনগণ এসব খেলার মধ্যে নেই, জনগণ একদিন এর বিচার করবেই।’
নির্বাচনে আসতে না পেরে খালেদা জিয়া এখন কপাল চাপড়াচ্ছেন- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘নির্দলীয় সরকার ছাড়া বিরোধী দল নির্বাচনে যাবে না এটাতো আগে থেকেই ঘোষণা দেয়া ছিল। বিএনপি কেন কপাল চাপড়াবে?’ ‘বরং একতরফা নির্বাচনের কারণে সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে নিন্দার ঝড় উঠায় তারাই প্রকৃতপক্ষে কপাল চাপড়াচ্ছে। এখন নিজেদের ঘটনা অন্যের ওপর চাপানোর চেষ্টা চলছে’ যোগ করেন বিএনপির মুখপাত্র।
তিনি বলেন, ‘সংশোধিত সংবিধান বলা হয়েছে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে না পারলে সংসদ ভেঙে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সুতরাং সংবিধানের আলোকে সব কিছু করা সম্ভব।’ নজরুল ইসলাম বলেন, ‘জনগণের দাবি মেনে নিলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। সরকারের সদিচ্ছা থাকলে এখনো সমঝোতা সম্ভব। সংবিধান পরিবর্তন করে নির্দলীয় সরকার পুনর্বহাল করা সম্ভব, কারণ এখনো সংসদ বহাল।’
তিনি বলেন, ‘নির্বাচন করার যথেষ্ট সময় আছে ইসির কাছে। তাই সরকারকে বলবো- জনগণের ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিন। নিজেরা সম্মান নিয়ে বাঁচুন, অন্যদের বাঁচান।’ বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করলে সমঝোতা সম্ভব- আওয়ামী লীগের এমন শর্তের বিষয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘রাজনীতিতে কে থাকবে, কে থাকবে না- এই সিদ্ধান্ত নেয়ার মালিক কি সরকার? জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে, কে থাকবে না।’




