সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রস্তাব প্রত্যাহার অন্যথায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা : হানিফ

প্রস্তাব প্রত্যাহার অন্যথায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা : হানিফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের জাতীয়  সংসদে যে নিন্দা প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, অন্যথায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করবে।  বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে আওয়ামী শ্রমিক লীগ আয়োজিত অবরোধবিরোধী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, পাকিস্তান সরকারকে বলবো আপনারা একটা স্বাধীন দেশ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এখানে আপনাদের যেসব সৈনিক (রাজাকার, আলবদর) আছে তাদের প্রতি কোনো দয়া-মায়া থাকলে তাদেরকে পাকিস্তানে নিয়ে যান। এ দেশের মানুষ তাদেরকে আর কোনো সুযোগ দেবে না। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে হানিফ বলেন, যারা পাকিস্তানের তাবেদারি করতে চান এ দেশ থেকে চলে যান। পাকিস্তানে গিয়ে তাবেদারি করুন। এ দেশে আপনাদের আর কোনো স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড করতে দেয়া হবে না।

বিএনপরি সঙ্গে আলোচনা চলছে দাবি করে যে কোনো রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমঝোতা করা যাবে জানান হানিফ। ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগের কাছ থেকে কোনো দাবি আদায় করা যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপিকে বলবো জ্বালাও-পোড়াও বন্ধ করুন। যে কোনো রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমঝোতা করা যাবে। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ