ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
তিন দফা দাবিতে এবার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে আন্দোলনের কথা জানান সংগঠনের প্রেসিডেন্ট জাকির হোসেন নয়ন। তিনি বলেন, আশঙ্কাজনকভাবে বিক্রি কমে যাওয়ায় আমাদের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে। তাই স্টেশন মালিকদের ব্যাংকের কিস্তি কমপক্ষে এক বছরের জন্য পুনঃতফসিলের সময় দিতে হবে।
গ্যাস বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন না করে সারচার্জ আরোপ ছাড়া এক বছরের কিস্তি সুবিধা এবং দেশে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ফিরে আসা পর্যন্ত এই সময়ের ব্যাংকের কিস্তির জন্য এ খাতের কাউকে ঋণ খেলাপি করা যাবে না। জাকির হোসেন বলেন, আমাদের দাবি লিখিত আকারে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে দেয়া হবে। দাবি আদায় না হলে আন্দোলনে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।




