মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংবিধানের ভেতরে থেকেই ২৪ জানুয়ারির পর নির্বাচন করা সম্ভব : খন্দকার মাহাবুব

সংবিধানের ভেতরে থেকেই ২৪ জানুয়ারির পর নির্বাচন করা সম্ভব : খন্দকার মাহাবুব

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নির্বাচনী তফসিল বাতিল করে সংবিধানের ভেতরে থেকেই ২৪ জানুয়ারির পর নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহাবুব হোসেন। পাশাপাশি তিনি বলেন, এর ব্যত্যয় ঘটলে দেশে হত্যাযজ্ঞ শুরু হবে। আর ভয়াবহ পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এসোসিয়েশন ফর ল’ রিসার্চ এন্ড হিউম্যান রাইটস আয়োজিত ‘মহান বিজয় দিবস, প্রত্যাশা ও প্রাপ্তি : চাই গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। খন্দকার মাহাবুব হোসেন বলেন, সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকে। কিন্তু সারাদেশে যে হত্যাকাণ্ড চলছে তার দায়দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে মন্তব্য করে খন্দকার মাহাবুব বলেন, নির্বাচন কমিশন সর্বদলীয় নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে। বর্তমান জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করুন এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে আপনি পদত্যাগ করুন।

সরকারের একতরফা ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে সারাদেশে জনরোষ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সরকার একতরফা নির্বাচন করার চক্রান্তে ইতোমধ্যে ১৫৪টি আসনের সংসদ নির্বাচিত করেছে এবং বাকি আসনে নির্বাচিত করার জন্য ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে। সর্বদলীয় সরকার সংবিধান থেকে বিলপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জনগণের নিরাপত্তা নেই, ঘরে ঘরে ঢুকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণকে হত্যা করছে। এর জবাব একদিন দিতে হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি আপনার সাহস থাকে তাহলে আপনার নিরাপত্তাবাহিনী ছাড়া রাজপথে আসুন। কিন্তু আপনার এই সাহস নেই। কারণ আপনি গণভবনে বসে ক্ষমতাকে পাকাপোক্ত করার চক্রান্তে লিপ্ত রয়েছেন।

আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বীরবিক্রম, শাহ মোঃ আবু জাফর, মেজর (অব.) মোঃ হানিফ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ