ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দেশের চলমান রাজনৈতিক সহিংসতা এবং হরতাল-অবরোধ কর্মসূচির প্রতিবাদে আজ সারাদেশে সাদা পতাকা নিয়ে প্রতিবাদ জানাবে ব্যবসায়ীরা। পাশাপাশি শান্তির দাবিও জানাবেন পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাদা পতাকা হাতে ব্যবসায়ীরা মতিঝিলস্থ এফবিসিসিআই ভবনের সামনে সমবেত হতে থাকে।
ব্যবসায়ীরা বলেছেন, হরতাল-অবরোধের মত লাগাতার ধ্বংসাত্মক কর্মসূচির কারণে দেশের অর্থনীতিতে অচল অবস্থা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলো এসব ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার না করলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমে আসবে। ‘প্রতিবাদ বন্ধন কর্মসূচি’-নামে এই প্রতিবাদ কর্মসূচি বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেনব্যবসায়ীরা। সারাদেশের সব ব্যবসায়ী চেম্বার ও সমিতির নেতারা নিজ নিজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবেন। মতিঝিলে ফেডারেশন ভবনের সামনেও এ কর্মসূচি পালিত হবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। দেশের চলমান সহিংস রাজনীতি এবং হরতাল-অবরোধের পরিপ্রেক্ষিতে এ কর্মসূচির ঘোষণা করেছে এফবিসিসিআই। ১১ ডিসেম্বর এফবিসিসিআই সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেয়। আর ৩ ডিসেম্বর সংগঠনটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ দেশের সর্বস্তরের ব্যবসায়ীদের এ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।




