ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে ডাকা হরতালের শুরুতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাফির বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে পুলিশের গুলিতে উপজেলা শিবির সভাপতিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মমিনুল ইসলাম মনি (২৪), শিবিরের সাথী সাজু (১৮) ও জামায়াতকর্মী আবদুর রহিম (৫০)। এ সময় শিবির কর্মী হারুন, উমরসহ অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়। তাদের মাধ্যে শিবির কর্মী হারুনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে কাফির বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে হরতালের সমর্থনে জামায়াত ও শিবিরকর্মীরা পিকেটিং করছিল। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মমিনুল ও আবদুর রহিম ঘটনাস্থলে নিহত হন। পরে সাজু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাটগ্রাম থানার এএসআই আশরাফ জানান, সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই কাফির বাজার এলাকায় একটি ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয় জামায়াত ও শিবিরকর্মীরা। এতে বাধা দিলে পুলিশের দিকেও তারা ককটেল ছুড়ে। পরে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাটগ্রাম থানা পুলিশের আফিসার ইনচার্জ সোহরাব হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




