মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মহাজোটের ১০ প্রার্থীর জন্য ‘নৌকা’ প্রতীক চাইলেন হাসিনা

মহাজোটের ১০ প্রার্থীর জন্য ‘নৌকা’ প্রতীক চাইলেন হাসিনা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের ১০ প্রার্থীকে নৌকা প্রতীক দেয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক এবিএম রিয়াজুল কবীর কাউসার শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ওই চিঠি কমিশনে পৌঁছে দেন।

চিঠিতে বলা হয়, ওয়ার্কার্স পার্টি থেকে এবার মহাজোটের প্রার্থী হচ্ছেন চার জন। রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা, নড়াইল-২ আসনে শেখ হাফিজুর রহমান, সাতক্ষীরা-১ আসনে মুস্তফা লুৎফুল্লাহ এবং ঢাকা-৮ আসনে দলে সভাপতি রাশেদ খান মেনন। আর জাসদের হয়ে দলটির সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে, জায়েদুল কবির নরসিংদী-২ আসনে, শিরীন আকতার ফেনী-১ আসনে এবং মঈনুদ্দিন খান বাদল চট্টগ্রাম-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া, তরিকত ফেডারেশনের লায়ন এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনে ও নজিবুল বাশার মাইজভাণ্ডারী চট্টগ্রাম-২ আসনের লড়বেন।

চিঠিতে এই ১০ জনকে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু গণ-প্রতিনিধিত্ব আদেশ-৭২ এর ২০ (১) অনুচ্ছেদ অনুযায়ী, “সময়সূচির (তফসিল) প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর ৩ দিনের মধ্যে কমিশনের নিকট পেশকৃত কোনো দরখাস্ত মোতাবেক দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক যৌথভাবে মনোনিত প্রার্থীকে, কমিশন উক্ত দলগুলোর জন্য সংরক্ষিত প্রতীক সমূহের মধ্য হতে কোনো একটি প্রতীক বরাদ্দ করতে পারবেন।” সে অনুযায়ী প্রধানমন্ত্রীর এ অনুরোধ ৩ দিনের চেয়ে অনেক বেশি দেরিতে করা হয়েছে।

জোটগতভাবে প্রতীক দেয়ার বিষয়ে ইসির উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “এখন জোটের প্রতীক চাওয়ার সুযোগ থাকলেও বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য তফসিলের ৩ দিনের মধ্যেই আবেদন করতে হয়। তবে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দের ক্ষেত্রে সর্ব ক্ষমতার অধিকারি। তিনি যদি প্রতীক দেন তবে সেভাবেই নির্বাচনে অংশ নেওয়া যাবে। কিন্তু কেউ চ্যালেঞ্জ করলে তা টিকবে না।”

শুক্রবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশই আজই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। এবার মোট ১ হাজার ১০৭ টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বৈধ হয়েছে ৮৮০টি মনোনয়নপত্র। শনিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ