মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়১৭ বছর পর বিএবির নেতৃত্বে পরিবর্তন, চেয়ারম্যান আব্দুল হাই সরকার

১৭ বছর পর বিএবির নেতৃত্বে পরিবর্তন, চেয়ারম্যান আব্দুল হাই সরকার

দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদাররের স্থলাভিষিক্ত হলেন। আজ সোমবার বিএবির সভা শেষে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও বিএবির ভাইস-চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রউফ চৌধুরী।

সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা ক্ষমতায় ছিলেন। সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। পাশাপাশি বিএবির দুই ভাইস চেয়ারম্যানসহ কমিটির একাধিক সদস্য ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। এ কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। অপর ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তাঁদেরও নিজ নিজ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে বিএবি নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল।

আগের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত ১৫ বছরে ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন। বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো এবং নীতি পরিবর্তনেও ভূমিকা রেখে আসছিলেন তিনি।

নতুন চেয়ারম্যান আবদুল হাই সরকার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সহসভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক পরিচালক ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ