ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সংকট সমঝোতার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন আজ আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জাতিসংঘ মহাসচিবের ফোন আসে। তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। কাদের মোল্লার ফাঁসির বিষয়কে কেন্দ্র করে চলমান সহিংসতা নিয়েও বান কি মুন কথা বলেছেন বলে জানা গেছে।
এর আগে বুধবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে দেশের প্রধান দুই দলের মধ্যে ইতিবাচক সংলাপ বজায় রাখার জন্য আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা বা আলোচনা যেন ভেস্তে না যায়, সে জন্য জন কেরি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।’
কূটনৈতিক সুত্রে জানা যায়, জন কেরি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, বর্তমান পরিস্থিতিতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করলে পরিবেশ ইতিবাচক থাকবে কি-না তা-ও যেন বিবেচনায় রাখা হয়। সমঝোতার সার্বিক বিষয়টি যাতে ইতিবাচকভাবে ধরে রাখা যায়, সে ব্যবস্থা নিতেও কেরি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।
এ দিকে সফররত জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল হয়ে গেছে। বুধবার বিকেলে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে শুক্রবার ঢাকায় আসেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকো। তারানকোর মধ্যস্থতার কারণেই দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে গতকাল এবং আজ দু’দফা বৈঠক হয়।
পাঁচদিনের সফরসূচি নিয়ে আসলেও মঙ্গলবার একদিন সময় বাড়ানো হয়। আজ ঢাকা ত্যাগ করার আগে তারানকো পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। তবে, বুধবার বিকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং বিকেল ৫টায় সংবাদ সম্মেলন- এ দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিই বাতিল করে তারানকো ফিরে যাওয়ায় তার মিশনের সফলতা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।




