চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর লাগেজ থেকে আবারো সাড়ে চার কেজি ওজনের ৪০টি স্বর্ণের বার আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের বিজি- ০৪৮ ফ্লাইটে করে আসা এক যাত্রীর লাগেজে তল্লাশী চালিয়ে স্বর্ণের চালানটি আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্মকর্তারা। উল্লেখ্য, দুবাই থেকে আসা বিজি-০৪৮ ফ্লাইটে এ পর্যন্ত মোট চারটি স্বর্ণের চালান আটক করা হলো।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর লাগেজে তল্লাশী চালিয়ে ৪০টি স্বর্ণের বার আটক করা হয়েছে। যার ওজন সাড়ে চার কেজি। আটক স্বর্ণের বর্তমান বাজারমূল্য দুই কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বারবার একই ফ্লাইটে করে স্বর্ণ চালানের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল।
উল্লেখ্য, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত তিন মাসে এ নিয়ে আটদফা স্বর্ণের চালান আটকের ঘটনা ঘটেছে। সম্প্রতি স্বর্ণ চোরাচালানিতে সহযোগিতার অভিযোগে শাহ আমানত বিমানবন্দরে সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজারের পিএস মোমেন মকসুদকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।




