ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গিয়েছেন হুসাইন মুহম্মদ এরশাদ বঙ্গবীর কাদের সিদ্দিকী । রাত ৯টার দিকে তার বাসায় বৈঠকে বসেন তারা। এসময় উপস্থিত আছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর।
শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোট সরকারের অধীনে একতরফা নির্বাচন প্রতিহত করতে সকল বিরোধী দলকে নিয়ে বৃহত্তর ঐক্য গঠনের উদ্যোগ হিসেবে আগামী ১৫ নভেম্বর টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের মহাসমাবেশ উপলক্ষে প্রথমবারের মতো এ দলগুলোর শীর্ষ নেতারা একই মঞ্চে অবস্থান নেবেন।
সূত্র জানায়, সর্বদলীয় সরকার গঠন ও মন্ত্রীদের পদত্যাগসহ চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে তারা নিজেদের কর্ম কৌশল গ্রহণ করতেই এ বৈঠক করছেন। অপর এক সূত্র বলছে, ১৮ দলীয় জোট ও মহাজোটের বাইরে আরেকটি জোট করার বিষয়টি নিয়েও তারা আলোচনা করতে পারেন।
উল্লেখ্য, সম্প্রতি বি. চৌধুরী ও কাদের সিদ্দিকী বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে কাদের সিদ্দিকী চলমান সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রীকে পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগের আহ্বান জানান।




