সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফুলবাড়ীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

ফুলবাড়ীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে দুই আন্তঃনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাত পৌনে ৪টায় ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে পার্বতীপুর স্টেশন থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

এদিকে, রাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি লাইন সিগন্যাল ভুল করে একই লাইনে দাঁড়িয়ে থাকা একতা এক্সেপ্রেসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে সীমান্ত ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং একটি বগি খুলে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এছাড়া একতা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পার্বতীপুর স্টেশন মাস্টার শেখ আব্দুর জব্বার ও দিনাজপুর রেলওয়ে থানার (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি। এদিকে, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পরপরই ফুলবাড়ি স্টেশনের সব কর্মকর্তা ও কর্মচারী পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ