আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) কর্পোরেট শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী এবং শীর্ষ নির্বাহীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি চেয়ারম্যান সেলিম রহমান ব্যাংকের কর্পোরেট শাখাগুলোর বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে অবগত হন। তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, শরীয়াহ পরিপালনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মূল বৈশিষ্ট। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




